লক্ষ্মীপুরের রামগতিতে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৪ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টাংকির ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে মেঘনা নদীর টাংকিরঘাট এলাকায় একটি অপরিচিত ট্রাক সন্দেহজনকভাবে অবস্থান করছিল। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা কোস্ট গার্ডকে খবর দেন।
খবর পেয়ে কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাটকা ইলিশ উদ্ধার করেন। এ সময় ট্রাকটি জব্দ করা হয় এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।
পরবর্তীতে মুচলেকা গ্রহণের মাধ্যমে ট্রাকসহ আটক চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা জাটকা ইলিশ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
জাটকা জব্দের বিষয়টি নিশ্চিত করে রামগতি কোস্ট গার্ডের অফিসার মো. রিয়াদ হোসেন জানান, জাটকা নিধন প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।