লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় আদনান আবির রাসেল (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়ক এর বলিরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল কমলনগর উপজেলার চরলরেন্স এলাকার বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল রাতের দিকে মতিরহাট এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বলিরপোল এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি নসিমনের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ অবগত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।