ট্রাম্পের সামরিক হুমকি প্রত্যাখ্যান কলম্বিয়ার, ‘অপবাদ বন্ধ করুন’—কড়া জবাব পেত্রোর

 ছবি:
ছবি:

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও মাদক পাচারের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক বার্তায় তিনি ট্রাম্পের বক্তব্যকে অপবাদ ও অগ্রহণযোগ্য হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেন।

এর আগে শনিবার ভোরে মার্কিন সেনারা কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত ও আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় বলে জানানো হয়। এ ঘটনার পরদিন রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেন। তিনি দাবি করেন, কলম্বিয়া ‘একজন অসুস্থ মানুষের’ দ্বারা পরিচালিত, যিনি কোকেন উৎপাদন করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন।

ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট পেত্রো এক্সে লিখেছেন, “আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া বন্ধ করুন, মিস্টার ট্রাম্প। এভাবে লাতিন আমেরিকার কোনো প্রেসিডেন্টকে হুমকি দেওয়া যায় না। আমাদের সরকার জনগণ ও শান্তি আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচিত।”

পেত্রো ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করে বলেন, আইনি ভিত্তি ছাড়াই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ‘অপহরণ’ করা হয়েছে। পরবর্তী এক পোস্টে তিনি মন্তব্য করেন, “বন্ধুরা বোমা মারে না।”

এদিকে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের হুমকিকে ‘অগ্রহণযোগ্য হস্তক্ষেপ’ বলে অভিহিত করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারস্পরিক সম্মান দাবি করেছে। যদিও কলম্বিয়া ও যুক্তরাষ্ট্র এই অঞ্চলে দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক মিত্র, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দুই দেশের সম্পর্ক স্পষ্টতই টানাপোড়েনের মধ্যে পড়েছে।

সূত্র: আল-অ্যারাবিয়া

সম্পর্কিত