দক্ষিণ আফ্রিকায় গুলিতে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী নিহত

 ছবি: নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী বেলাল হোসেন সুমন।
ছবি: নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী বেলাল হোসেন সুমন।

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী বেলাল হোসেন সুমন (৩৫) নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) স্থানীয় সময় বিকেলে জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন সুমন বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারীশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন সুমন। এক বছর আগে তিনি দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে যান।

বুধবার বিকেলে একদল দুর্বৃত্ত তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

প্রবাসী ব্যবসায়ীর মৃত্যুর খবরে নোয়াখালীর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে গভীর শোক ও উদ্বেগ।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হবে এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সম্পর্কিত