দক্ষিণ আফ্রিকার নিউ ক্যাসেল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৯ মে) বিকেলে নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত ওই যুবকের নাম সুমন মিয়া। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের মইজ উদ্দিনের ছেলে।
পরিবার ও সহকর্মীদের বরাতে জানা যায়, প্রায় ১৪ বছর আগে সুমন মিয়া জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যান এবং সেখানে ব্যবসা শুরু করেন।
ঘটনার দিন বিকেলে কেনাকাটা শেষে নিজ গাড়িতে করে ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় নিউ ক্যাসেল এলাকায় পৌঁছালে গাড়ির ভেতরেই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় সহকর্মীরা বিষয়টি নিশ্চিত করেন এবং পরিবারের কাছে খবর পাঠান। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।