ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনাকে ঘিরে স্থানীয় বাঙালি কমিউনিটির মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
গত রোববার (৩ মে) রাতে প্যারিস বিজনেস স্কুলের হোস্টেলে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মহাদেব ঘোষ (২৪)। তিনি ওই প্রতিষ্ঠানের এমবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ফ্রান্সে পাড়ি জমানো মহাদেব ঘোষের বাড়ি ঝিনাইদহ জেলার কাটালাগাড়ি বাজার এলাকায়। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শ্যামল কুমার ঘোষ ও সাগরদীপা ঘোষ রায়ের সন্তান।
মৃত্যুর বিষয়টি প্রথমে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কো-অর্ডিনেটর এমিলি টেলিফোনে নিশ্চিত করেন পারিবারিক বন্ধু ও ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য আশরাফ ইসলামকে।
আশরাফ ইসলাম জানান, মহাদেব ঘোষের মরদেহ প্যারিসের ৯২ ডিপার্টমেন্টের একটি হাসপাতালে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আগামী ১১ মে নাগাদ ফরেনসিক প্রতিবেদন পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি রহস্যজনক হওয়ায় ফরাসি পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে।