হাদি হত্যার বিচারের দাবিতে বার্লিনে প্রবাসীদের বিক্ষোভ

বার্লিনের ব্রান্ডেনবুর্গার গেইটের সামনে হাদি হত্যার বিচারের দাবিতে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর
বার্লিনের ব্রান্ডেনবুর্গার গেইটের সামনে হাদি হত্যার বিচারের দাবিতে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশি ডায়াস্পোরা জার্মানি শাখা।

রোববার (১১ জানুয়ারি) জার্মানির রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেইটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বার্লিনসহ আশপাশের বিভিন্ন শহর থেকে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে আয়োজক মো. ইমদাদুল সাদিক বলেন, হাদি হত্যাকাণ্ডে যে চার্জশিট দেওয়া হয়েছে, তা একটি প্রহসন। তিনি বলেন, “আমরা এই চার্জশিট মেনে নেব না। হাদি হত্যার সুবিচার আদায়ে যা যা করা প্রয়োজন, আমরা তা করব।”

তিনি আরও বলেন, প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও প্রবাসী বাংলাদেশিদের এই বড় সমাবেশ প্রমাণ করে—হাদি হত্যার সুবিচারের দাবিতে প্রবাসীরা ঐক্যবদ্ধ। বিচার প্রক্রিয়ায় বিলম্ব হলে প্রয়োজনে নিয়মিত প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি রেমিট্যান্স বন্ধের মতো কঠোর কর্মসূচিও দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মিলাদিন ফাউন্ডেশনের স্বত্বাধিকারী রুজমিলা খন্দকার মিলা, শাহিদা আক্তার রুনু, ফয়জুল্লাহ ফাইয়াজ, আলিম মিয়া, খালেদ বিন রশিদ, সৈয়দ মাহিন, আব্দুল্লাহ আল নোমান, মুনশি জুমরাদ, তাজুল ইসলাম ও লিখন।

প্রতিবাদী কবিতা পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন সহ-আয়োজক তানজিদ নাহিয়ান।

সম্পর্কিত