পয়লা বৈশাখে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের (এনএসইউএসএস) আয়োজন বরাবরের মতোই সাড়া ফেলেছে। তবে এবারের আয়োজনকে ঘিরে আলাদা করে আলোচনায় এসেছেন এক শিক্ষার্থী—মালিহা মাসফিরাত মেধা।
রুনা লায়লা ও প্রীতম হাসানের গাওয়া ‘জ্বালা জ্বালা’ গানের সঙ্গে প্রাণবন্ত নাচে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন মেধা। অনেকেই তাকে না চিনলেও ‘লাল জামা পরা মেয়েটি’ হিসেবে তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় একটি দল ফ্ল্যাশমবে অংশ নিলেও মেধার নেতৃত্ব, অভিব্যক্তি ও আত্মবিশ্বাস আলাদা করে নজর কাড়ে। পুরো নাচের পরিবেশনায় তার একাগ্রতা ও প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।
নওগাঁতে বেড়ে ওঠা মেধা ছোটবেলা থেকেই নাচের সঙ্গে যুক্ত। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় তিনি আনুষ্ঠানিকভাবে নাচ শেখা শুরু করেন। ভরতনাট্যম ও কত্থকের মতো ক্ল্যাসিক্যাল নাচে তার ভিত্তি তৈরি হয়। তবে পড়াশোনার চাপে একসময় নাচ থেকে দূরে সরে যান তিনি।

পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আবার নাচে ফেরেন মেধা। আলিফিয়া স্কোয়াডের সঙ্গে যুক্ত হয়ে নতুনভাবে নিজেকে গড়ে তোলেন এবং বিভিন্ন ঘরানার নাচে দক্ষতা অর্জন করেন।
এবারের ফ্ল্যাশমব ছিল তার প্রথম বড় দায়িত্ব, যেখানে প্রায় ৮০ জনের একটি দলকে সমন্বয় করতে হয়েছে। ‘জ্বালা জ্বালা’ ও ‘মহা জাদু’ গানের কোরিওগ্রাফিও করেন তিনি। এত বড় দলকে এক ছন্দে আনা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তবে সবার সহযোগিতায় তা সফলভাবে সম্পন্ন করেন।
মেধা জানান, কোরিওগ্রাফির সময় তিনি এমন একটি পারফরম্যান্স তৈরির চেষ্টা করেছেন, যা দর্শকদের চোখে আরাম দেয় এবং সবাই একসঙ্গে করলে সুন্দর লাগে। এই ভাবনাই তার পারফরম্যান্সকে আলাদা করেছে বলে মনে করছেন তিনি।
নাচের পাশাপাশি মডেলিং ও অভিনয়েও এগিয়ে যাচ্ছেন মেধা। ফটোশুটের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে এখন বিভিন্ন ব্র্যান্ডের কাজ করছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাজের মধ্য দিয়ে অভিনয়জগতে তার যাত্রা শুরু হয়েছে।
ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার স্বপ্ন দেখছেন মেধা। তিনি চান, নিজেকে এমনভাবে তৈরি করতে, যাতে দেশের বাইরেও তার পরিচিতি তৈরি হয়।