সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা

স্টাফ রিপোর্টার
 ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবে না সরকার।

বুধবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধাপে ধাপে সোলার প্ল্যান্ট স্থাপন করা হবে।

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনায় সরকার সমান গুরুত্ব দিচ্ছে। উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করা হচ্ছে।

শিক্ষাব্যবস্থার জট দূর করতে পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী ১০ বছরের মধ্যে এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, এ বিষয়ে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করা হবে কীভাবে সিলেবাস শেষ করে সময় নষ্ট না করে নির্ধারিত সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া যায়।

তিনি বলেন, শিক্ষার্থীদের সঠিক সময়ে পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশ নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত