লক্ষ্মীপুরে বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী ৯৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ২১টি ইভেন্টে বিজয়ী ১৯০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শনিবার (৮ আগস্ট) সকালে লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি শামসুল করিম খোকন, সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, প্রতিষ্ঠানটির পরিচালক ফখরুল ইসলাম স্বপন, আরিফ হোসেন চৌধুরী, মোখলেছুর রহমান চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী, মো. বাহার উদ্দিন, আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। পাশাপাশি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ২১টি ইভেন্টে বিজয়ী ১৯০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ভালো ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করতেই নিয়মিতভাবে এমন আয়োজন করা হচ্ছে।