প্রাথমিক বৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধি এবং সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ তথ্য জানান। এর আগে তিনি মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রও পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী বলেন, পুনরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। সরকারের লক্ষ্য হলো বৃত্তি কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং শিক্ষায় আগ্রহ বাড়ানো।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এর মধ্যে বৃত্তির অর্থ বৃদ্ধি এবং কতজন শিক্ষার্থী এই সুবিধা পাবে তা নতুন করে পর্যালোচনা করা হবে।
ববি হাজ্জাজ জানান, সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণের বিষয়েও চিন্তাভাবনা চলছে। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য প্রাথমিক শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করা।
পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।