শিক্ষকদের প্রযুক্তি দক্ষতায় ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ

স্টাফ রিপোর্টার
 ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

সরকারের ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২০ মে) যুক্তরাজ্যের লন্ডনে কুইন এলিজাবেথ-২ সেন্টারে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম-২০২৬-এর প্লেনারি সেশনে তিনি এ কথা বলেন। বিশ্বের প্রায় ১৫০টি দেশের শিক্ষামন্ত্রীরা এ ফোরামে অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি শিক্ষকদের সহায়ক হিসেবে কাজ করবে এবং শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ সহজ করবে। তবে প্রযুক্তি যেন বৈষম্য বাড়ানোর পরিবর্তে তা কমাতে ভূমিকা রাখে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের অগণতান্ত্রিক শাসনের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরেছে এবং জনগণের সমর্থনে গঠিত সরকার শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তনের দায়িত্ব পেয়েছে। শিক্ষার্থীদের শুধু পাস করানো নয়, বরং দক্ষতা, সৃজনশীলতা ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

মন্ত্রী জানান, সরকার তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণ, মাধ্যমিক পর্যায়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা যুক্ত করা, স্কুল ফিডিং কর্মসূচি সম্প্রসারণ এবং শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে।

ফোরামের সাইডলাইনে ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। সেখানে শিক্ষক প্রশিক্ষণ, ইংরেজি পাঠ্যক্রম উন্নয়ন, মূল্যায়ন ব্যবস্থা আধুনিকীকরণ এবং পাঠ্যক্রম সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।

সম্পর্কিত