শিক্ষা ব্যবস্থায় দক্ষতা ও নৈতিকতার ওপর জোর প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
তেজগাঁও কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত
তেজগাঁও কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন,

দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করা হবে যাতে শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী নয়, দক্ষ, নৈতিক ও কর্মসংস্থান-উপযোগী নাগরিক হিসেবে গড়ে ওঠে।

রোববার (২৮ জুন) ঢাকার তেজগাঁও কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতের মতো কেবল সনদনির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতা, মূল্যবোধ ও বাস্তব কর্মজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাই হবে সরকারের অগ্রাধিকার।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের গড় এইচএসসি শিক্ষার্থীর শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সমমানের। এই বাস্তবতা অত্যন্ত উদ্বেগজনক। তাই পরীক্ষায় শুধু পাস করানো নয়, শিক্ষার্থীদের প্রকৃত শেখা ও আন্তর্জাতিক মানের দক্ষতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

প্রতিমন্ত্রী অভিযোগ করেন, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও পরিকল্পনার ঘাটতির কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জনের পরও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

ববি হাজ্জাজ বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী এমন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করছে, যেখানে কর্মসংস্থানের সুযোগ সীমিত। তাই সময়োপযোগী ও ক্যারিয়ারভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ জরুরি।

তিনি আরও বলেন, একটি উন্নত রাষ্ট্র গঠনে মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মোখলেস উর রহমান এবং অন্যান্য শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা।

সম্পর্কিত