সেশনজট বন্ধে নতুন ভর্তি পদ্ধতির ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার
 ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সেশনজট বন্ধে সরকার নতুনভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে।

বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের Islamic University of Technology ক্যাম্পাসে আয়োজিত ‘আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “সেশনজট যেন বন্ধ হয়ে যায়, আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি চালু করবো। আমাদের টার্গেট একাডেমিক ক্যালেন্ডার হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।”

তিনি বলেন, অতীতে শিক্ষা খাতে যে অব্যবস্থাপনা তৈরি হয়েছে, সরকার ধাপে ধাপে সেগুলোর সমাধানে কাজ করছে। শিক্ষা মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কারণে যেন কোনো শিক্ষার্থীর জীবন থেকে অতিরিক্ত দুই বছর নষ্ট না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, “এজন্য আমরা ধীরে ধীরে সবকিছু সমন্বয় করছি।”

অনুষ্ঠানে তিনি আইইউটির মানসম্মত গ্র্যাজুয়েট তৈরির ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং দেশের উচ্চশিক্ষায় উৎকর্ষতা অর্জনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম ও উপ-উপাচার্য হোসাইন আরাবি নুর।

এর আগে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের তৈরি গাড়ি ও বিভিন্ন প্রযুক্তিপণ্য পরিদর্শন করেন। পরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেন এবং একাডেমিক ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি দেন।

সম্পর্কিত