ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

স্টাফ রিপোর্টার
 ছবি: ড. এ বি এম ওবায়দুল ইসলাম
ছবি: ড. এ বি এম ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়–এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

তিনি সর্বশেষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে আবেদন করেন সাবেক উপাচার্য নিয়াজ আহমদ খান।

ওইদিন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়াজ আহমদ খান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদনপত্র জমা দেন। তিনি তার মূল পদ অর্থাৎ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্বে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি এ সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আগস্টের শেষ দিকে নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

সম্পর্কিত