দেশে এখনো সরকারি অর্থায়নে ৪ হাজার ৫৯টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশনের ১১তম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক-এর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন মোট ২৪ হাজার ৩২০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এর মধ্যে এখনো ৪ হাজার ৫৯টি প্রতিষ্ঠানে সরকারি অর্থায়নে ভবন নির্মাণ করা হয়নি।
মন্ত্রী বলেন, দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার ধাপে ধাপে সুবিধাবঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নে কাজ করছে।
তিনি আরও জানান, চলতি অর্থবছরে প্রতি সংসদীয় আসনে একটি স্কুল, একটি কলেজ এবং একটি বেসরকারি মাদ্রাসা বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে কোনো নির্দিষ্ট উপজেলায় একসঙ্গে একাধিক ভবন নির্মাণের সিদ্ধান্ত বর্তমানে নেই।
সংসদের দিনের কার্যক্রম নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শুরু হয় বলে জানান সংশ্লিষ্টরা।