লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক সেবনের দায়ে রাশেদুল ইসলাম (৩১) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রাশেদুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলার চওড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার সাপ্টিবাড়ী মাজার এলাকা থেকে মাদকসেবনরত অবস্থায় রাশেদুলকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। এ প্রেক্ষিতে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত রাশেদুলকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।