লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
 ছবি: মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল আহাদ
ছবি: মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল আহাদ

লক্ষ্মীপুরে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একটি মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাত ১০টার দিকে সংশ্লিষ্ট মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার অধ্যক্ষের নাম মো. আবদুল আহাদ (৪৫)। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে তাকে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত শনিবার রাতে মাদ্রাসায় ভুক্তভোগী শিক্ষার্থী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। পরদিন শিক্ষার্থীটি মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।

পরে রাত ৯টার দিকে শিক্ষার্থীর মা ও স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত অধ্যক্ষকে আটক করে মারধর করেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, প্রাথমিক তদন্তে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত অধ্যক্ষকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত