লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে এক চিহ্নিত মাদক কারবারির বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ছুরি ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের রমজান আলী মোক্তার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের লক্ষ্য ছিলেন ওই এলাকার আবুল হোসেনের ছেলে সাকিব হোসেন। তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, বিভিন্ন ধরনের ছুরি এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, পলাতক সাকিব হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম ও চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা রয়েছে।