লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন, দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ এলাকার সিয়াম ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. মোক্তারুজ্জামান, সাদেক হোসেন মাল, মানিক ব্যাপারী ও মাসুদ। পুলিশ জানিয়েছে, তারা বিভিন্ন জেলার বাসিন্দা এবং একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।
পুলিশের ভাষ্য, ডাকাতির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ দল নির্দিষ্ট স্থানে জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন, দেশীয় অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।