বশিকপুরে অস্ত্রের মুখে পরিবার জিম্মি, দুই ঘণ্টায় দুর্ধর্ষ ডাকাতি

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নে গভীর রাতে ডাকাতির শিকার পোস্টমাস্টারের বাড়ি। ছবি: দৈনিক নতুনচাঁদ
লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নে গভীর রাতে ডাকাতির শিকার পোস্টমাস্টারের বাড়ি। ছবি: দৈনিক নতুনচাঁদ

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে এক পোস্টমাস্টারের বাড়িতে গভীর রাতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। অস্ত্রধারী ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় দুই ঘণ্টা ধরে ঘরে তাণ্ডব চালিয়ে নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে বশিকপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার মাহবুবের বসতঘরে এ ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বশিকপুর ইউনিয়নের মালেগো বাড়ি এলাকায় অবস্থিত মাহবুবের বাড়িতে গভীর রাতে একদল ডাকাত প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সব সদস্যকে জিম্মি করে রাখে। এরপর আলমারি, আসবাবপত্র ও ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ একাধিক মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা পরিকল্পিতভাবে দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরে অবস্থান করে তাণ্ডব চালায়। তবে ঘটনার পরপরই লুণ্ঠিত মালামালের সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

বশিকপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করে।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বলেন, তিনি এখনো বিস্তারিতভাবে বিষয়টি অবগত নন। তবে দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনাস্থলের নিকটবর্তী দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের সরকারি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

ঘনবসতিপূর্ণ এলাকায় গভীর রাতে এমন ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। দ্রুত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সম্পর্কিত