ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা। জুন মাসে সেই দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে ভ্যাটসহ ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে এপ্রিল মাসে দুই দফায় দাম বৃদ্ধি করা হয়। ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে দাম ১ হাজার ৯৪০ টাকায় উন্নীত করা হয়।
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে দেশে এলপিজির মূল্য নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজির প্রধান উপাদান প্রোপেন ও বিউটেন বিদেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে সৌদি আরবের Saudi Aramco প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক মূল্য প্রকাশ করে, যা সৌদি কার্গো প্রাইস (সিপি) নামে পরিচিত।
এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে এবং আমদানিকারকদের ইনভয়েস মূল্য ও ডলারের গড় বিনিময় হার বিবেচনায় নিয়ে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।