শীত শেষ না হতেই রাজধানীতে সবজির দাম বাড়ছে

স্টাফ রিপোর্টার
রাজধানীর একটি বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি ছবি: দৈনিক নতুনচাঁদ
রাজধানীর একটি বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি ছবি: দৈনিক নতুনচাঁদ

শীত মৌসুম শেষ হওয়ার আগেই রাজধানীর বাজারগুলোতে সবজির দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। গত দুই থেকে তিন সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বর্তমানে প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, শালগম ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, মুলা ৪০ টাকা, শসা ৮০ টাকা ও গাজর ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের ফুল প্রতি মুঠো বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।

এ ছাড়া কাঁচামরিচের দাম কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকায়। বাজারে ফুলকপি, বাঁধাকপি ও শিমের দামও আগের তুলনায় বেড়েছে।

ক্রেতারা বলছেন, কয়েকদিন আগেও তুলনামূলক কম দামে সবজি কেনা গেলেও এখন প্রায় সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। মালিবাগের এক ক্রেতা সাবিনা বলেন, ‘কয়েকদিন আগেই ফুলকপি ২০–৩০ টাকায় কিনেছি। আজ তা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। দরদাম করে ৪০ টাকায় কিনতে হয়েছে।’

বিক্রেতারা জানান, শীত মৌসুমে সবজির সরবরাহ বেশি থাকায় দাম কম থাকে। তবে শীত শেষের দিকে আসায় পাইকারি বাজারে সরবরাহ কমতে শুরু করেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। ফলে সবজির দাম বাড়ছে।

তারা আরও জানান, বড় ধরনের সরবরাহ সংকট না থাকলেও মৌসুম পরিবর্তনের প্রভাবেই বাজারে দামের এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, যা সাধারণ ক্রেতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

সম্পর্কিত