ঢাকা: শীতকাল চললেও রাজধানীর বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। সরবরাহ ভালো থাকলেও সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। একই সঙ্গে বেড়েছে কাঁচা মরিচের দামও।
শুক্রবার (০৯ জানুয়ারি) রাজধানীর কাজীপাড়া ও আগারগাঁও বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজি শিম কেজিতে ২০ টাকা বেড়ে প্রকারভেদে ৪০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটো কেজিতে ২০ টাকা বেড়ে ১০০ থেকে ১২০ টাকা, দেশি গাজর ৫০ টাকা, মূলা ৪০ টাকা এবং শালগম ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ফুলকপি প্রতি পিস ২০ টাকা বেড়ে ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা এবং লাউ ৬০ থেকে ৮০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে গ্রীষ্মকালীন সবজির দামও বেড়েছে। বেগুন ৬০ থেকে ১২০ টাকা, বরবটি ১৪০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা এবং ঢেঁড়স ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচের কেজি ৪০ টাকা বেড়ে ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফল ও অন্যান্য সবজির মধ্যে পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১২০ টাকা এবং ক্ষিরা ৮০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
মাছ ও মাংসের বাজারেও দামের চাপ রয়েছে। ইলিশ মাছ কেজি ১০০০ টাকা, রুই ৪০০ থেকে ৫৫০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা এবং গরুর মাংস ৭৫০ থেকে ৭৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজারে সোনালি মুরগি কেজি ২৮০ টাকা, ব্রয়লার ১৬০ টাকা এবং দেশি মুরগি ৫৭০ থেকে ৫৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের বাজারে এক ডজন লাল ডিম ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।