হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বানিয়াচং উপজেলার আমিরখানি মহল্লার ফুল মিয়ার ছেলে তানভীর মিয়া, একই এলাকার নুরুল ইসলামের ছেলে আবিদুর রহমান এবং আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন দাশের ছেলে অন্তর দাশ।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় জলসুখা ব্রিজ এলাকায় তিনটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানভীর মিয়ার মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় আবিদুর রহমান ও অন্তর দাশকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত চুনারুঘাট উপজেলার থৈগাঁও গ্রামের আব্দুল জব্বারের ছেলে মিজানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর একজন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন।