নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মেয়েটির বাবা। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার নজিপুর পৌরসভার জিরোপয়েন্ট এলাকায় সাপাহার–নজিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্ঠি গ্রামের কাউসার রহমানের স্ত্রী খাতিজা (২৭) ও তাঁর আট বছর বয়সী মেয়ে ফাতেমা জান্নাত। আহত কাউসার হোসেনকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নজিপুর থেকে মোটরসাইকেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন কাউসার হোসেন। জিরোপয়েন্ট এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় খাতিজা ও তাঁর মেয়ে ফাতেমা জান্নাত সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি খড়িবোঝাই ট্রাক তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে চালক কাউসার হোসেনও আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে বিক্ষোভ শুরু করলে নজিপুরের সঙ্গে সাপাহার, ধামইরহাট, বদলগাছী ও নওগাঁমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে গেছে এবং চালককে আটক করে হেফাজতে রেখেছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত মা ও মেয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত মোটরসাইকেলচালক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।