সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছুটির দিনে স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন জাকারিয়া নয়ন। মুহূর্তেই সেই আনন্দ বিষাদে পরিণত হয়। সীতাকুণ্ড-এ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার স্ত্রী ও কন্যাশিশু।

শুক্রবার (১৫ মে) রাত ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারিন আক্তার (২৮) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়-এর অফিস সহকারী ছিলেন। তার ২২ মাস বয়সী কন্যাশিশুর নাম ইয়াশা।

সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন জানান, তারিন আক্তার স্বামী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে ভাটিয়ারীতে বেড়াতে এসেছিলেন। তার স্বামী মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং শিশুসন্তানকে মাঝখানে বসিয়েছিলেন।

রাতে চট্টগ্রাম শহরের বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, হঠাৎ শিশুটি মোটরসাইকেল থেকে পড়ে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে তারিনও সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুরুতর আহত শিশুটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্ত্রী ও সন্তানকে হারিয়ে দিশেহারা জাকারিয়া নয়নের অভিযোগ, দুর্ঘটনার পর সাহায্যের জন্য আসা মানুষের মধ্য থেকেই কেউ তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগ চুরি করে নিয়ে গেছে। ব্যাগে মোবাইল ফোন, টাকা, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল বলে জানান তিনি।

সম্পর্কিত