ডোমারে ট্রাকের ধাক্কায় মা-দুই সন্তানসহ নিহত ৪

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের এক মা ও তার দুই সন্তান রয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) বিকেলে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের পাঙ্গা ইউনিয়নের মটুকপুর-নদীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডোমার উপজেলার নাদিয়াপাড়া এলাকার ভ্যানচালক পরিমল বর্মন (৪০), প্রতিমা রানি (২৮) এবং তার দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যানচালক পরিমল বর্মনসহ একই পরিবারের তিন সদস্য নিহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান জানান, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পর্কিত