বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস-এর নেতৃত্বে আস্থা রেখে তাদের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
সিদ্ধান্ত অনুযায়ী, মেহেদী হাসান মিরাজ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে, লিটন কুমার দাসের টি-টোয়েন্টি অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
প্রথম দফায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকে অধিনায়ক করা হয়েছিল। তবে ভারতে নিরাপত্তা শঙ্কার কারণে ওই আসরে অংশ নেয়নি বাংলাদেশ। ফলে পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে তার ওপর আস্থা রেখেছে বোর্ড।
এদিকে মিরাজের ওয়ানডে অধিনায়কত্বের প্রথম মেয়াদ ছিল এক বছর। গত মার্চে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর তার নেতৃত্বে সন্তুষ্ট হয়ে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।
এ ছাড়া ওয়ানডে দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক সাইফ হাসান-ও একই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।