সেনেগাল ম্যাচে তারকায় ভরপুর ফ্রান্সের একাদশ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দল ফ্রান্স আবারও বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম দাবিদার হিসেবে আলোচনায় রয়েছে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং ২০২২ কাতার বিশ্বকাপের রানার্সআপ দলটি ২০২৬ বিশ্বকাপেও শিরোপার দৌড়ে শীর্ষ ফেবারিট হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় সেনেগালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দল সাজাতে ব্যস্ত ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তারকা সমৃদ্ধ স্কোয়াড থাকলেও একাদশ নির্বাচন নিয়ে সুখকর সমস্যার পাশাপাশি কিছু উদ্বেগও রয়েছে তার।

রক্ষণভাগে জুলেন কুন্দে ও থিও হার্নান্দেজকে নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে ফরাসি শিবির। ইনজুরি কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন কুন্দে। ফলে সেনেগালের বিপক্ষে তার পূর্ণ ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে একসময় ইউরোপের সেরা লেফট ব্যাকদের একজন হিসেবে পরিচিত থিও হার্নান্দেজ বর্তমানে সৌদি প্রো লিগে খেলছেন এবং সাম্প্রতিক সময়ে একাধিক ইনজুরিতে ভুগেছেন।

মধ্যমাঠেও রয়েছে কৌশলগত চ্যালেঞ্জ। অতীতে পল পগবা ও পরে অঁতোয়ান গ্রিজম্যান প্লেমেকারের দায়িত্ব সামলালেও এবার সেই ভূমিকায় দেখা যেতে পারে মাইকেল ওলিস কিংবা উসমান ডেম্বেলেকে। যদিও দুজনের কেউই স্বাভাবিকভাবে নাম্বার টেন পজিশনের খেলোয়াড় নন।

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে ওলিস মাঝে মাঝে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেললেও গত মৌসুমে তাকে বেশি দেখা গেছে উইংয়ে। তাই সেনেগালের বিপক্ষে কৌশলগত পরিবর্তনের পরিকল্পনা করছেন দেশম।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওলিসকে আক্রমণাত্মক মিডফিল্ডে রেখে ডেম্বেলেকে বাম প্রান্তে খেলানো হতে পারে। স্ট্রাইকার হিসেবে থাকবেন দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ডান প্রান্তে সুযোগ পেতে পারেন ব্রাডলি বারকোলা।

তবে যদি ডিজেরি দুয়েকে শুরুর একাদশে রাখা হয়, তাহলে বারকোলাকে বেঞ্চে বসতে হতে পারে। সে ক্ষেত্রে ডেম্বেলেকে ডান প্রান্তে খেলতে হবে, যেখানে তিনি তুলনামূলক কম স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ফ্রান্স শিবির আশা করছে, তারকা নির্ভর আক্রমণভাগ এবং অভিজ্ঞ রক্ষণভাগের সমন্বয়ে সেনেগালের বিপক্ষে জয় দিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিতে পারবে দলটি।

সম্ভাব্য একাদশ:
মাইক ম্যাইগনান, জুলেন কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো, থিও হার্নান্দেজ, অঁরেলিয়ান চুয়ামেনি, আদ্রিয়ান রাবিও, মাইকেল ওলিস, উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, ব্রাডলি বারকোলা।

সম্পর্কিত