নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে নামছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
 ছবি: Online
ছবি: Online

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাটেও সাফল্য ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা।

প্রথম টি-টোয়েন্টির আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচই খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ। তিনি জানান, দলের সবাই জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামবে এবং দেশের হয়ে ভালো পারফরম্যান্স দিতে সর্বোচ্চ চেষ্টা করবে।

লিটন দাস বলেন, ওয়ানডের পর টি-টোয়েন্টি একটি ভিন্ন ফরম্যাট হলেও দল প্রস্তুত রয়েছে। অনেক দিন পর এই ফরম্যাটে খেলতে নামলেও কোনো বাড়তি চাপ নিতে চাইছে না দল। কয়েকটি ম্যাচ খেললেই খেলোয়াড়রা নিজেদের অবস্থান বুঝে নিতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, চলতি বছরে শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি।

চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছিল বাংলাদেশ। সে সময় ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এরপর নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। প্রায় পাঁচ মাস পর আবারও এই ফরম্যাটে খেলতে নামছে দলটি।

সম্পর্কিত