ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় এআই এবং ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।
শনিবার (১৬ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘টেলিকম খাতের ভবিষ্যৎ: নতুন সরকার কী ভাবছে?’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “এআই এবং ফ্রিল্যান্সিং নিয়ে সরকার খুবই গুরুত্বের সঙ্গে কাজ করছে। আমরা এআই শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে পারলে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে।”
তিনি আরও বলেন, দেশের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে সরকার উপজেলা পর্যায়ে এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এমটব মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবীর, বাংলাদেশ কম্পিটিশন কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের, টেলিটক-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বাংলালিংক-এর হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স তাইমুর রহমান এবং বুয়েটের অধ্যাপক ও টেলিকম বিশেষজ্ঞ ড. লুৎফা আক্তার।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবি-এর হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ারার্স সাহেদ আলম।
টিআরএনবি সভাপতি সমীর কুমার দে অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন টিআরএনবি সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবি।