রামগঞ্জে স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে ১১১ মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগঞ্জে স্মার্ট একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদ তুলে দেওয়া হচ্ছে। ছবি: দৈনিক নতুনচাঁদ
রামগঞ্জে স্মার্ট একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদ তুলে দেওয়া হচ্ছে। ছবি: দৈনিক নতুনচাঁদ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ১১১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। প্রতিষ্ঠানটির সহযোগী সংগঠন স্মার্ট একাডেমি ও স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (গতকাল) রামগঞ্জে স্মার্ট একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চম শ্রেণির ৭৮ জন এবং অষ্টম শ্রেণির ৩৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক, সনদ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, গত ১২ ডিসেম্বর রামগঞ্জ উপজেলার ৯৫টি স্কুলের সাত শতাধিক শিক্ষার্থী স্মার্ট আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক ওই পরীক্ষায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১১১ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে আরও জানানো হয়, নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে মোট ৫ লাখ টাকা নগদ বৃত্তি বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে একটি সনদ এবং জ্ঞানবিকাশে সহায়ক প্রযুক্তিবিষয়ক বই ‘ফ্রিল্যান্সারের আদর্শলিপি’ উপহার দেওয়া হয়। এ ছাড়া পঞ্চম ও অষ্টম শ্রেণির শীর্ষ তিনজন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার হিসেবে ২টি ল্যাপটপ ও ২টি ট্যাবলেট কম্পিউটারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

স্মার্ট একাডেমির অধ্যক্ষ শেখ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, স্মার্ট ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান খায়রুল বাশার এবং রামগঞ্জ উপজেলা একাডেমিক অ্যাডভাইজার শরিফুল্লাহ আশ শামস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের বৃত্তি কার্যক্রম মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত