দিল্লি বিমানবন্দরে অসন্তোষজনক আচরণের অভিযোগ জাহেদের

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যথাযথ আচরণ করা হয়নি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি দেশে ফিরে এসেছেন বলে জানান।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তাকে যেভাবে অপেক্ষা করানো হয়েছে এবং বসতে দেওয়া হয়েছে, সেটিও সন্তোষজনক ছিল না বলে মন্তব্য করেন তিনি।

তবে তিনি জানান, ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তাকে যথাযথ সহযোগিতা ও সৌজন্য প্রদর্শন করা হয়েছে।

ব্রিফিংয়ে তিনি বলেন, ভবিষ্যতেও তিনি ভারতে যাবেন এবং আন্তর্জাতিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ অব্যাহত রাখবেন।

উপদেষ্টা জানান, দিল্লি সফরের সময় বিমানবন্দরে তাকে কিছু সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এ অভিজ্ঞতার কারণেই তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তিনি ঘটনাটিকে ‘অসন্তোষজনক আচরণ’ হিসেবে উল্লেখ করেন।

সংবাদ ব্রিফিংয়ে তিনি সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, রোববার (১৪ জুন) ডা. জাহেদ উর রহমান ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে ঢাকা থেকে দিল্লি যান। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি প্রবেশে বাধার মুখে পড়েন। পরে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার ভারত সফরের বিষয়ে আগেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিল।

সম্পর্কিত