তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
 ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ও হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ও হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় দীনেশ ত্রিবেদী ঢাকায় দায়িত্ব পালনের গত দুই মাসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করবে।

একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি জোর অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি দুই দেশের জনগণের স্বার্থে সম্পর্ক আরও কার্যকর ও ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালে মাসব্যাপী ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান।

সম্পর্কিত