ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

স্টাফ রিপোর্টার
 ছবি: রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব (এমপি)।
ছবি: রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব (এমপি)।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে এ রোগের ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় রাজধানীর খিলগাঁও দক্ষিণ গোড়ানের ভূঁইয়া ঝিল খেলার মাঠে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের মাধ্যমে ৩০ দিনব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির সূচনা করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশগত স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষকেও নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

তিনি আরও বলেন, মাদকাসক্তি ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দেশের উন্নয়নে প্রতিটি নাগরিকের সমান অধিকার, দায়িত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

সামাজিক কল্যাণমূলক কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি জানান, সবার জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করা হবে এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী শফিউল আলম লস্কর রাসেল জানান, ৩০ দিনব্যাপী এ কর্মসূচির আওতায় খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধনের ওষুধ ছিটানো, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের উদ্বুদ্ধ করা হবে।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে একটি জনসচেতনতামূলক র‌্যালি খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় নেতা ও স্বেচ্ছাসেবকেরা জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (অঞ্চল-০২) ২ নম্বর ওয়ার্ডের মশক নিয়ন্ত্রণ পরিদর্শক সাইফ রহমান জানান, প্রতিমন্ত্রীর কর্মসূচি উপলক্ষে ১৮ জন কর্মী লার্ভা ও পূর্ণাঙ্গ মশা নিধন কার্যক্রমে অংশ নিয়েছেন। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মোয়াজ্জেম হোসেন জানান, কর্মসূচিকে ঘিরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অতিরিক্ত জনবল নিয়োজিত করা হয়েছে।

সম্পর্কিত