ক্যানসার আক্রান্ত ক্রিকেটার হৃদয় পেলেন ৫ লাখ টাকা

স্টাফ রিপোর্টার
মেহেদী হাসান হৃদয়ের বাবার হাতে পাঁচ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত
মেহেদী হাসান হৃদয়ের বাবার হাতে পাঁচ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

রোববার (৫ জুলাই) মতিঝিল সংলগ্ন যুব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক হৃদয়ের বাবা আবুল কাসেমের হাতে অনুদানের চেক তুলে দেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে হৃদয়ের চিকিৎসা ব্যয়ের অংশ হিসেবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয় দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। বিষয়টি নিয়ে একটি ভিডিও প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চিকিৎসা সহায়তার উদ্যোগ গ্রহণ করে।

তিনি আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও হৃদয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। হৃদয় সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী হৃদয়ের দ্রুত সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, অসুস্থ ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, এ অনুদান একটি প্রতীকী উদ্যোগ এবং ভবিষ্যতেও সংকটে পড়া ক্রীড়াবিদদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

সম্পর্কিত