জনমিতিক লভ্যাংশে এমপিদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

স্টাফ রিপোর্টার
 ছবি: স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
ছবি: স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, স্ট্রেন্থেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় টেকসই, বৈষম্যহীন ও মানবসম্পদকেন্দ্রিক সমাজ গঠনে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের শপথ কক্ষে অনুষ্ঠিত ‘পার্লামেন্টস রোল ইন রিয়ালাইজিং পপুলেশন ডিভিডেন্ডস অ্যান্ড এসডিজিস’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, জনসংখ্যার রূপান্তর-সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে আলোচনায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বর্তমানে একটি ঐতিহাসিক সময়ে অবস্থান করছে। বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ বাস্তবায়ন সরকারের গৃহীত কার্যকর পদক্ষেপের ওপর নির্ভর করছে।

তিনি বলেন, তরুণদের দক্ষতা ও সক্ষমতা উন্নয়নের মাধ্যমে দেশের জনমিতিক লভ্যাংশকে কাজে লাগাতে হবে। এ লক্ষ্যে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

স্পিকার আরও বলেন, কৌশলগত সহায়তার মাধ্যমে জাতীয় সংসদ সদস্যদের এই ফোরাম আইন প্রণয়ন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধ, সংশ্লিষ্ট আইন শক্তিশালীকরণ, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং জনমিতিক লভ্যাংশ অর্জনের মতো বিষয়গুলো সংসদীয় কমিটির আলোচনায় অন্তর্ভুক্ত হলে লক্ষ্য অর্জন সহজ হবে।

তিনি আশা প্রকাশ করেন, স্বাস্থ্য, জেন্ডার সমতা, যুব উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন-সংশ্লিষ্ট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নেও এ প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।

সম্পর্কিত