প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর এবং কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়তে হলে শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও বাস্তবমুখী করা অপরিহার্য।
রোববার (৭ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের শাসন ও শোষণের ফলে দেশের গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে, একইসঙ্গে শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষতা অর্জন ছাড়া বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, প্রোগ্রামিং, ডিজিটাল উদ্যোক্তা উন্নয়নসহ আধুনিক বিষয়গুলোকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার ওপর তিনি গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি শিল্প খাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের দুই হাজারের বেশি কলেজ ও বিপুল সংখ্যক শিক্ষার্থীর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রতিষ্ঠানকে আরও আধুনিক ও কর্মমুখী করার ওপর তিনি জোর দেন।
তিনি জানান, ইন্টার্নশিপ, শিক্ষানবিশ কার্যক্রম এবং উদ্যোক্তা উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হবে, যাতে শিক্ষাজীবন শেষ করেই তারা কর্মসংস্থানে প্রবেশ করতে পারে।
শিক্ষকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকরা শুধু পাঠদানে সীমাবদ্ধ থাকবেন না, বরং শিক্ষার্থীদের আদর্শ ও সমাজ পরিবর্তনের পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন।
অনুষ্ঠানে তিনি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এবং এটিকে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।