বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ বৃত্তি দেবে সৌদি আরব

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

রাষ্ট্রদূত জানান, বিষয়টি ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে শিক্ষা, রাজনীতি, অর্থনীতি ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সৌদি সরকার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সৌদি আরব কীভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করে।

এ সময় বাংলাদেশ থেকে সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ বৃদ্ধি, শ্রমবাজারে প্রবেশ সহজ করা এবং বিদ্যমান নিয়মতান্ত্রিক জটিলতা দূর করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করা এবং নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়েও মতবিনিময় করেন তারা।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৮ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। দেশটির অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতেও বড় ভূমিকা রাখছে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে।

সৌদি প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন ভাইস অ্যাম্বাসাডর খালিদ সাঈদ এম আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনসুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি. আল সুহাইমি।

সম্পর্কিত