রামিসা হত্যার বিচারের দাবিতে পল্লবীতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
পল্লবীতে রামিসা হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ছবি: সংগৃহীত
পল্লবীতে রামিসা হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কালশী রোড, ফুলকলি ও আধুনিকের মোড় অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত ছিল।

বিক্ষোভে নারী-পুরুষসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’, ‘আমার বোন খুন হলো কেন’ এবং ‘অপরাধীর আস্তানা ভেঙে দাও’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি ও দীর্ঘসূত্রতার কারণে একের পর এক নৃশংস ঘটনা ঘটছে। তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে।

তাদের দাবি, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অল্প সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে রায় কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাটে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্পর্কিত