বিদ্যুৎ খাতে বকেয়া বিল ছাড়াল ৫২ হাজার কোটি

স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদে বিদ্যুৎ খাতের বকেয়া বিলের তথ্য তুলে ধরেন মন্ত্রী ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে বিদ্যুৎ খাতের বকেয়া বিলের তথ্য তুলে ধরেন মন্ত্রী ছবি: সংগৃহীত

দেশের সরকারি, বেসরকারি ও আমদানিকৃত বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

মন্ত্রী জানান, মোট বকেয়ার মধ্যে সরকারি-বেসরকারি কোম্পানির গ্যাস বিল বাবদ পেট্রোবাংলা-এর কাছে বকেয়া রয়েছে ১১ হাজার ৬৩৪ কোটি ৬ লাখ টাকা।

ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাবদ বকেয়া ৩ হাজার ৮৯১ কোটি ৫৫ লাখ টাকা। গ্যাস ও জ্বালানি তেলভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া ১৭ হাজার ৩৫৭ কোটি ৬৮ লাখ টাকা।

এছাড়া যৌথ উদ্যোগ ও আইপিপি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর কয়লার মূল্য ও ক্যাপাসিটি পেমেন্ট বাবদ বকেয়া রয়েছে ১৫ হাজার ৪৫২ কোটি ৯১ লাখ টাকা। সরকারি কোম্পানিগুলোর ক্যাপাসিটি ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া ৫ হাজার ৬২৩ কোটি ৩ লাখ টাকা এবং হুইলিং চার্জ বাবদ বকেয়া ১৯৮ কোটি ৯৪ লাখ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।

মন্ত্রী আরও জানান, বিদ্যুৎকেন্দ্রগুলোর ব্যাংকের কাছে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৩১১ কোটি ২৬ লাখ টাকা, যা খাতটির ওপর আর্থিক চাপের ইঙ্গিত দেয়।

সম্পর্কিত