পদ্মা সেতুতে এক দিনে ৫ কোটি টোল, দ্বিতীয় সর্বোচ্চ

স্টাফ রিপোর্টার
 ছবি: পদ্মা সেতু
ছবি: পদ্মা সেতু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে। এটি এক দিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগের দিন মঙ্গলবার টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৪৫ হাজার ৬০২টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ৩০ হাজার ৯৪টি যানবাহন পার হয়েছে, যেখানে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে এবং ওই প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা।

এর আগে ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদকে কেন্দ্র করে পদ্মা সেতুতে এক দিনে সর্বোচ্চ ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা টোল আদায়ের রেকর্ড হয়, যখন ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছিল।

পদ্মা সেতু দিয়ে সব ধরনের যানবাহনের জন্য টোল দিতে হয়। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের জন্য আলাদা টোল হার নির্ধারিত রয়েছে।

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপন করেছে পদ্মা সেতু। ঈদ উপলক্ষে গত কয়েকদিন ধরে ঘরমুখী মানুষের চাপ বাড়ায় সেতু দিয়ে যানবাহন চলাচলও বৃদ্ধি পেয়েছে।

সেতুর দুই প্রান্ত মাওয়া ও জাজিরা টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু রয়েছে, যার মাধ্যমে আরএফআইডি কার্ড ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করা হয়। এতে যানবাহন থামাতে না হওয়ায় দ্রুত পারাপার সম্ভব হচ্ছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বলেন, ভোগান্তি না থাকায় এ রুটে যানবাহনের চাপ বেড়েছে এবং সরকারি-বেসরকারি ছুটির কারণে পারাপার আরও বৃদ্ধি পেয়েছে।

সম্পর্কিত