দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো বাস্তব পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অতীতে একটি নির্দিষ্ট সময়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ‘জঙ্গিবাদ’ শব্দটি ব্যবহার করা হয়েছিল।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে জঙ্গিবাদের মতো কোনো তৎপরতা নেই। পৃথিবীর বিভিন্ন দেশে কিছু চরমপন্থি বা র্যাডিক্যাল গোষ্ঠী থাকতে পারে, তবে সেগুলোকে জঙ্গিবাদ হিসেবে অভিহিত করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও দাবি করেন, অতীতে একটি শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল, তবে বর্তমানে সেই পরিস্থিতির আর কোনো অস্তিত্ব নেই।
বাংলাদেশ কোস্ট গার্ডের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশের উপকূলীয় এলাকার পাশাপাশি নদীপথেও বাহিনীর কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। ভবিষ্যতে হাওর অঞ্চলেও কোস্ট গার্ডের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, বর্তমানে প্রায় পাঁচ হাজার সদস্যের কোস্ট গার্ডকে পর্যায়ক্রমে ১০ হাজারে উন্নীত করা হবে। একই সঙ্গে বাহিনীর জন্য আধুনিক সরঞ্জাম, প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তা বাড়ানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্গম উপকূলীয় ও জলপথ এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোস্ট গার্ডকে আরও শক্তিশালী করা জরুরি। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবেলায় বাহিনীকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে সেনাবাহিনীর মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ধাপে ধাপে তাদের প্রত্যাহার করা হচ্ছে এবং খুব শিগগিরই এ মোতায়েন আরও সীমিত হয়ে আসবে।
তিনি আরও জানান, জাতীয় দিবস বা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।