সীমান্তে নজরদারি আরও কার্যকর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দ্রুত তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সীমান্ত ব্যবস্থাপনাকে আরও প্রযুক্তিনির্ভর করা হবে।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কারণে মাদকবিরোধী অভিযানে বাহিনীর ডগ স্কোয়াডের সক্ষমতা আরও কার্যকরভাবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, বিজিবিকে আরও আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে জনবল বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি সংযোজন, উন্নত যানবাহন, অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিজিবি সদর দপ্তর পরিদর্শন করে সীমান্ত পরিস্থিতি, জনবল, ব্যাটালিয়ন ও সেক্টরের কার্যক্রম, বাহিনীর সক্ষমতা এবং ভবিষ্যৎ চাহিদা সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়েছেন।
সাম্প্রতিক বন্যায় বিজিবির উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, দুর্গম এলাকায় নৌকাযোগে ত্রাণ পৌঁছে দেওয়া এবং উদ্ধার অভিযানে বাহিনীর ভূমিকা দেশব্যাপী প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
তিনি আরও বলেন, বিজিবির প্রশাসনিক অবকাঠামো উন্নয়ন, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসক ও নার্স নিয়োগসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় সমন্বয় ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।