নিখোঁজ শিবির নেতা জিসান উদ্ধার, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়া ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লার লাকসাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৯টার দিকে লাকসাম জংশন ক্লাব মাঠের এক পাশ থেকে এক অটোরিকশাচালক তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এর আগে বৃহস্পতিবার (১১ জুন) এশার নামাজের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম প্রধান।

জিসান প্রধানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ বলেন, আহত অবস্থায় জিসানকে পেয়ে এক অটোরিকশাচালক তার ইমু নম্বরে ভিডিও কল দেন। ভিডিও কলে জিসানকে দেখতে পাওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার অনুরোধ করা হয়।

তিনি আরও জানান, খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন এবং জিসানের চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছেন।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম প্রধান বলেন, জিসান প্রধান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হলে তার জবানবন্দি নেওয়া হবে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে জিসান প্রধানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তার বড় ভাই দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। নিখোঁজের ঘটনায় বিভিন্ন স্থানে উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সম্পর্কিত