স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে আবেগ নয়, রাষ্ট্রকে সংবিধান ও আইন অনুযায়ী কাজ করতে হবে। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অনির্ধারিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার ঐতিহাসিক জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তা কোনো অবৈধ বা চাপাতিপূর্ণ আদেশের মাধ্যমে নয়, বরং সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদীয় রীতিনীতির প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো প্রস্তাব বা সংক্ষিপ্ত আলোচনা আনার জন্য কার্যপ্রণালী বিধির ৬২ বা ৬৮ ধারা অনুযায়ী নোটিশ দেওয়া প্রয়োজন। বিরোধীদলীয় নেতার পঠিত ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’ এই বিধি অনুযায়ী আসে কিনা তিনি প্রশ্ন তুলেছেন।
তিনি আরও ব্যাখ্যা করেন, সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি সংসদ অধিবেশন না থাকলে অধ্যাদেশ জারি করতে পারেন। কিন্তু সংবিধান সংশোধনের বিষয় অধ্যাদেশের মাধ্যমে হতে পারে না। তাই জারি করা আদেশটি কোনো আইন বা অধ্যাদেশের স্বীকৃতি পায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট প্রসঙ্গে বলেন, জনগণের রায়কে সম্মান করি। তবে গণভোটে প্রশ্নের কাঠামো যৌক্তিক ছিল না এবং এটি জুলাই সনদের রাজনৈতিক সমঝোতার অংশ ছিল না। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রথমে সংবিধান সংশোধন করতে হবে, তারপরে সংবিধান সংস্কার পরিষদের শপথ ও অন্যান্য বিষয় বাস্তবায়ন করা সম্ভব।
সর্বশেষ তিনি বিরোধীদলীয় নেতাকে কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার আহ্বান জানিয়ে বলেন, “জুলাই জাতীয় সনদের প্রতিটি শব্দ আমরা সম্মান করি। আসুন, সংসদে সমঝোতার ভিত্তিতে বিল গ্রহণ করি এবং সাংবিধানিকভাবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাই।”