সংসদে জামায়াত নেতারা শৃঙ্খলাপূর্ণ: স্পিকার হাফিজ

স্টাফ রিপোর্টার
 ছবি: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ছবি: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নেতারা অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ আচরণ করেন বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, সংসদে জামায়াতের নেতারা নিয়ম-কানুন মেনে চলেন এবং অত্যন্ত ভদ্র আচরণ করেন। তারা পাশের লোকের সঙ্গেও অপ্রয়োজনীয় কথা বলেন না বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় বিএনপির দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনগণের ওপর অত্যাচার করার জন্য নয়, বরং তাদের সেবা করার জন্যই দল ক্ষমতায় এসেছে।

তিনি আরও বলেন, লালমোহন-তজুমদ্দিন এলাকায় কেউ জমি দখল, অন্যায় বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাকে জানাতে হবে। এসব অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল এবং সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল।

স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজ জন্মভূমি লালমোহনে এলে বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়।

সম্পর্কিত