ধাপে ধাপে মাঠ থেকে সেনা প্রত্যাহার করবে সরকার

স্টাফ রিপোর্টার
 ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সেনা সদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। তাই পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার পুলিশ বাহিনীকে আবারও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। জনগণের মধ্যেও পুলিশের প্রতি বিশ্বাস তৈরি হয়েছে। এ কারণে সেনাবাহিনীকে ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কীভাবে প্রত্যাহার কার্যক্রম পরিচালিত হবে, সে বিষয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবে। পর্যায়ক্রমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী জুন মাসের মধ্যেই মাঠ পর্যায়ে থাকা সেনা সদস্যদের পুরোপুরি ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত মঙ্গলবার আইন-শৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা থেকে সেনা সদস্যদের ফিরিয়ে নেওয়া হবে। পরে ধাপে ধাপে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকেও সেনা সদস্যদের সরিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ জারির পর তৎকালীন আওয়ামী লীগ সরকার সেনাবাহিনী মোতায়েন করেছিল। একই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন অব্যাহত রাখে। পরে অন্তর্বর্তী সরকার ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও প্রদান করে।

এদিকে, গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই। বর্তমানে তারা মূলত সহায়ক ও নিরাপত্তা সহযোগী বাহিনী হিসেবে কাজ করছে।

তিনি জানান, আগে সেনাবাহিনী নিজস্ব ক্ষমতায় গ্রেপ্তারসহ বিভিন্ন আইনগত ব্যবস্থা নিতে পারলেও বর্তমানে তারা সরাসরি এসব কার্যক্রমে অংশ নিচ্ছে না।

সম্পর্কিত