ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম আরও কার্যকর করতে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ দেওয়া এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক সভায় এ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, ভূমিকম্পের পর দ্রুত জরুরি সেবা নিশ্চিত করতে জাতীয় টাস্কফোর্স গঠন এবং ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবীর তথ্যভান্ডার প্রস্তুত করা হয়েছে। দ্রুত বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবীকেও এ কার্যক্রমের আওতায় আনা হবে।
বৈঠকে ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগকালীন প্রস্তুতি জোরদার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া সম্ভাব্য দুর্যোগের সময় জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা শহরে হিউম্যানিটারিয়ান স্টেজিং এরিয়া স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।